দুই যিশুখ্রিষ্টকে কারাদণ্ড ও জরিমানা দিল রাশিয়ার আদালত | ধর্মীয় প্রতারণা ও অবৈধ নিবন্ধন
রাশিয়ার আদালত দুই ‘যিশুখ্রিষ্টকে’ এক জনকে কারাদণ্ড এবং অন্য জনকে অর্থদণ্ড দিয়েছে। প্রথম ‘যিশুখ্রিষ্ট’ হিসেবে পরিচিত এক ধর্মগুরুকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অনুসারীদের শারীরিক ও মানসিক ক্ষতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে। আরেকজনকে অবৈধভাবে বিদেশি নাগরিকদের নিবন্ধন করানোর অভিযোগে জরিমানা করেছে অন্য আদালত।

প্রতিবেদন অনুসারে, ৬৪ বছর বয়সী সের্গেই তোরপ, যিনি ‘ভিসারিওন’ নামে পরিচিত, ১৯৯১ সালে সাইবেরিয়ার ক্রাসনোইয়ার্স্ক অঞ্চলে ‘চার্চ অব দ্য লাস্ট টেস্টামেন্ট’ প্রতিষ্ঠা করেন। তিনি নিজেকে যিশুখ্রিষ্টের পুনর্জন্ম বলে দাবি করতেন এবং হাজারো অনুসারী পেতেন।
দীর্ঘ চুল ও দাড়িওয়ালা এই ধর্মগুরু অনুসারীদের মাংস, মদ, ধূমপান ও অর্থ ব্যবহার থেকে বিরত থাকতে বলতেন। তদন্তে প্রমাণিত হয়, তোরপ ও তাঁর দুই সহযোগী অনুসারীদের কাছ থেকে অর্থ আদায় করে তাঁদের মানসিক ও শারীরিক ক্ষতি করেছেন। আদালত তাঁদের সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে পাঠিয়েছে এবং ৪ কোটি রুবল ক্ষতিপূরণের আদেশ দিয়েছে।
এছাড়া, কাজানের একটি আদালত আরেক ‘যিশুখ্রিষ্টকে’ ৪৫ জন বিদেশি নাগরিককে অবৈধভাবে নিবন্ধন করানোর অভিযোগে ১৩ হাজার রুবল জরিমানা করেছে। ওই ব্যক্তি নিজের অ্যাপার্টমেন্টে বিদেশিদের আশ্রয় দিয়ে নিবন্ধনের জন্য প্রত্যেকের কাছ থেকে অর্থ নিয়েছিলেন।
তদন্তে জানা যায়, ৪৫ বছর বয়সী এই ব্যক্তি আদালতের নথিতে ‘যিশু পেত্রোভিচ খ্রিষ্ট’ নামে পরিচিত এবং নাম পরিবর্তন করেছিলেন সংখ্যাতত্ত্বের প্রতি আসক্তির কারণে। এর আগে, মস্কোর একটি আদালত একই ধরনের অভিযোগে তাঁকে ৬০ হাজার রুবল জরিমানা করেছিল।
রাশিয়ার আদালত দুই ‘যিশুখ্রিষ্টকে’ দেওয়া শাস্তি দেশটিতে ধর্মীয় প্রতারণা ও অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক