

মহিলা চোর চক্রের ৩ সদস্য আটক—নাটোরের লালপুরে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে, যাঁরা ননদ, ভাবি ও শাশুড়ি সম্পর্কিত। রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তাঁদের আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের ইউনুস শেখের মেয়ে আলিয়া খাতুন (২৫), মো. সুমন শেখের স্ত্রী হাসি বেগম (২৫) ও লালন শেখের স্ত্রী আছিয়া বেগম (৪০)। জানা যায়, আলিয়া খাতুন (ভাবি) সম্পর্কে হাসি বেগমের ননদ এবং আছিয়া বেগম তাঁদের মামিশাশুড়ি।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন জানান, দুপুরে কলেজ মোড় এলাকার গ্রাহক ফাতেমা বেগম ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় তিন নারী তাঁকে ঘিরে ধরেন। সন্দেহ হলে ব্যাংক কর্মকর্তা তাঁদের ব্যাংকে আসার কারণ জানতে চাইলে তারা দ্রুত চলে যেতে চান। ঠিক তখনই ফাতেমা অভিযোগ করেন, তাঁর ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে তিন নারীকে আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, “আমি টাকা জমার রসিদ লিখছিলাম, তখন কৌশলে তাঁরা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়।”
লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের বাড়ি নাটোরে হলেও কুষ্টিয়ায় বসবাস করেন এবং ভিক্ষার ছলে বিভিন্ন এলাকায় অপরাধ করেন। তিন নারী বর্তমানে থানায় হেফাজতে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহিলা চোর চক্রের ৩ সদস্য আটক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।