

সাগর-রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এই আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২০ বার পেছানো হলো।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে তদন্ত প্রতিবেদন না আসায় আদালত নতুন দিন ধার্য করেন।

সাগর-রুনি হত্যা মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকি আসামিরা কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ঘটনার সময় বাসায় ছিলেন তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর তখন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।