শমী কায়সারের জামিন মঞ্জুর, জুলাই গণঅভ্যুত্থানকালীন হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ
শমী কায়সারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রোববার আদেশ দেওয়া হলেও সোমবার বিষয়টি প্রকাশ পায়।

মামলার এজাহারে উল্লেখ আছে, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরা আজমপুর এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। সে সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নেন।
২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। শমী কায়সারও সেই মামলার আসামিদের একজন ছিলেন।
গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪ এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট থেকে শমী কায়সারের জামিন মিলেছে।

