চরএলাহীতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন, অভিযোগ উঠল বিএনপির অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিরুদ্ধে
নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রহীম, বিএনপি নেতা আব্দুর রহীম বিশ্বাস এবং নিহত বিএনপি নেতা আব্দুল মতিন তোতার মেয়ে বিবি সুমি আক্তার।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিতভাবে কিছু বিএনপি ও আওয়ামী লীগ নেতার যোগসাজশে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের প্রভাবে তোতা পরিবারের ওপর হামলা চালানো হয় এবং তার ছেলে ইব্রাহীম তোতাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়। এছাড়াও পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম বলেন, “ঘাট নিয়ে তোতা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত, এখন তোতার ছেলেরা খাচ্ছে।” তিনি দাবি করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদ ও জেলা বিএনপির নেতা নুরুল আলম সিকদার এ বিষয়ে প্রশ্রয় দিচ্ছেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার অভিযোগ নাকচ করে বলেন, “আমরা কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।”
নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন সাধারণ মানুষ।

গিয়াস উদ্দীন রনি