ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, কুমিল্লায় কাভার্ডভ্যান দুর্ঘটনার পর ঘণ্টার পর ঘণ্টা স্থবির মহাসড়ক, ক্রেন আনার অপেক্ষায় উদ্ধার তৎপরতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট আরও দীর্ঘ হচ্ছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনার চার ঘণ্টা পার হলেও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এখনো মহাসড়কের মাঝখানে পড়ে আছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন নিহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করলেও চার ঘণ্টা কেটে গেলেও কাভার্ডভ্যানটি সরানো যায়নি। বিকাল সোয়া ৪টার দিকে দুটি ক্রেন আনা হলেও তখনও যান চলাচল স্বাভাবিক হয়নি।

ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ২০ কিলোমিটার ছাড়িয়ে যায়। দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ফেনী থেকে ঢাকা বিমানবন্দরগামী যাত্রী মোহাম্মদ মিজানুর রহমান জানান, তিনি হাইওয়ে পুলিশের কাছে গাড়ি ছাড়ার জন্য বারবার অনুরোধ করেছেন।
দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সাতজন সদস্য উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। উপপরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে কাজ চললেও পরিদর্শক পর্যায়ের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হননি।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের নিজস্ব ক্রেনের ধারণ ক্ষমতা কম হওয়ায় কাভার্ডভ্যানটি সরানো সম্ভব হচ্ছে না। এজন্য বেশি ক্ষমতার ক্রেন ভাড়া করা হয়েছে। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে কাভার্ডভ্যান সরানোই এখন মূল চ্যালেঞ্জ।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী