মুরাদনগরে ড্রেজার, কৃষি জমি রক্ষায় রাতের অভিযানে জব্দ ২ ড্রেজার ও ২,৫০০ ফুট পাইপ
মুরাদনগরে ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে অবৈধ মাটি উত্তোলন রোধে রাতের সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নির্দেশনায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন হঠাৎ রাতেই অভিযান চালান। এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার ও প্রায় ২,৫০০ ফুট পাইপ জব্দ ও অপসারণ করা হয়।
এর আগে দিনের বেলায় উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। উভয় অভিযানে মুরাদনগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
এসিল্যান্ড সাকিব হাছান খাঁন বলেন, কৃষি জমি রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী