কুমিল্লায় ডাকটিকিট প্রদর্শনী, ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে ‘ময়নামতিপেক্স ২০২৫’
কুমিল্লায় ডাকটিকিট প্রদর্শনী প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। দুই দিনব্যাপী এ ঐতিহাসিক প্রদর্শনী শুরু হয়েছে শনিবার (২৩ আগস্ট) সকালে কুমিল্লা প্রধান ডাকঘরে। ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ এবং কুমিল্লা প্রধান ডাকঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনী চলবে রবিবার (২৪ আগস্ট) পর্যন্ত।

‘ময়নামতিপেক্স ২০২৫’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের সংগ্রাহকদের দুর্লভ ও আকর্ষণীয় ডাকটিকিট, খাম, পোস্টমার্ক এবং অন্যান্য ফিলাটেলিক সামগ্রী স্থান পেয়েছে। আয়োজনটির মূল লক্ষ্য নতুন প্রজন্মের মধ্যে ডাকটিকিট সংগ্রহের ঐতিহ্য তুলে ধরা এবং ফিলাটেলির প্রতি আগ্রহ জাগানো।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক বিভাগের পরিচালক আল মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ফিলাটেলিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন, কুমিল্লা বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম এবং কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি ইকবাল মজিদ।
প্রদর্শনী উপলক্ষ্যে বিশেষ উদ্বোধনী খাম, চারটি ওভারপ্রিন্ট ডাকটিকিট, দুইটি সিলমোহর এবং একটি অ্যারোগ্রাম উন্মুক্ত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো “Definitive Stamps” এর উপর ওভারপ্রিন্ট ডাকটিকিট প্রকাশ করা হয়েছে, যা ডাকটিকিট সংগ্রাহকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে অতিথিরা ডাকটিকিট প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের এই ঐতিহ্যে যুক্ত হওয়ার আহ্বান জানান। তারা ডাকটিকিট সংগ্রাহক সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আরও জোরালো উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
কুমিল্লায় ডাকটিকিট প্রদর্শনী নতুন প্রজন্মকে ডাকটিকিটের ঐতিহ্য ও ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

