ইউনুসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের জুতা মালা, ডিআরইউতে গোলটেবিল বৈঠকের সময় উত্তেজনা, ‘জুলাই যোদ্ধাদের’ হাতে অবরুদ্ধ হওয়ার পর পুলিশে সোপর্দ
ইউনুসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের জুতা মালা প্রসঙ্গ ঘিরে উত্তেজনার পর সন্ত্রাস দমন আইনে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই ঘটনা ঘটে। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক সভাটি আয়োজন করে মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ড. কামাল হোসেন আসেননি।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) বলেন, দেশের সংবিধানকে ছুড়ে ফেলার ষড়যন্ত্র চলছে। এর পেছনে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাত রয়েছে। তিনি অভিযোগ করেন, অধ্যাপক ইউনুসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হচ্ছে।
তার বক্তব্যের পরপরই নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে। তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেয় এবং গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। পরে উপস্থিতদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ঘটনাটি নিশ্চিত করেন। পুলিশের হাতে তুলে দেওয়া ব্যক্তিদের মধ্যে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমান ছাড়াও আরও অন্তত ১৫ জন রয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদসহ অন্যরা।
ইউনুসের এ অবৈধ কর্মকান্ডের ইস্যুতে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী