
মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার করা হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার রাতে আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুবেলকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরে বসে ফেনসিডিল সেবন করছেন রুবেল। প্রায় ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম ইমরান বলেন, “নাজমুল হাসান রুবেল মাদক সেবন করায় দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

