প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন যুদ্ধ : বিএনপির তালিকায় সাবেক মেয়রসহ চারজন

1761451132721
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লা-৬ আসনের মনোনয়ন ঘিরে সরব রাজনীতি, বিএনপির তালিকায় সাবেক মেয়রসহ চারজন

কুমিল্লা-৬ আসনের মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সরব তৎপরতা। কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি, জামায়াত, এবি পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন— দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও দল থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু।

এ ছাড়া অন্যান্য দলের মনোনয়নপ্রত্যাশী— জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টির জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হারুনুর রশীদ।

বিএনপি নেতা আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “বিগত ১৭ বছর দলের দুর্দিনে নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। চাঁদাবাজি ও দুর্নীতিকে সব সময় না বলেছি। শান্তিপ্রিয় কুমিল্লা গড়তে কাজ করেছি। দল অবশ্যই মূল্যায়ন করবে।”

মনিরুল হক চৌধুরী বলেন, “৬০ বছর ধরে রাজনীতি করছি। প্রতিদিনই মানুষের জন্য কাজ করছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।”

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় নির্বাচন করেছি, এতে দলের কোনো ক্ষতি হয়নি। বরং স্থানীয় নেতা-কর্মীরা উপকৃত হয়েছেন।”

মোস্তাক মিয়া বলেন, “ছাত্রদলের জেলা ও কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছি। মনোনয়ন পেলে বিজয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারব।”

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনগণ পাশে থাকবে।”

কুমিল্লা-৬ আসনের মনোনয়নকে ঘিরে এখন দলীয় নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা সমীকরণ ও জল্পনা-কল্পনা। নির্বাচনী হাওয়া জমে উঠেছে পুরো কুমিল্লা জুড়ে।

প্রিন্ট করুন