কুমিল্লায় বিএনপির মনোনয়ন ঘোষণা: ৯ আসনে প্রার্থী চূড়ান্ত, বাকি দুই আসনে অপেক্ষা
কুমিল্লায় বিএনপির মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম অনুমোদন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে হাজী জসিম, কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আবুল কালাম ওরফে চৈতি কালাম, কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে আব্দুল গফুর ভূইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা।
বিএনপি সূত্র জানিয়েছে, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থী নিয়ে এখনো আলোচনা চলছে। ওই দুটি আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে।
দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচনে তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর স্থানীয় পর্যায়ে নির্বাচন কার্যক্রম জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।
কুমিলায় বিএনপির মনোনয়ন ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর কুমিল্লার প্রায় সব আসনে শক্তিশালী প্রার্থী দিয়ে মাঠে নামছে বিএনপি।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী