সাংবাদিক নেসারের চিকিৎসা সংকট: অর্থের অভাবে বন্ধ চিকিৎসা, পচন ধরেছে পায়ে
সাংবাদিক নেসারের চিকিৎসা সংকট দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ ভিংলা গ্রামের বাসিন্দা, স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক মো. নেসার উদ্দিন আজ মানবেতর জীবনযাপন করছেন। গত ২ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের আরও আট সাংবাদিকের সঙ্গে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। ওই হামলায় তার হাত ও পা ভেঙে যায় এবং হামলাকারীরা তাকে গরম বাইকের ফুটন্ত তেলে ফেলে দেয়। এতে তার ডান পা মারাত্মকভাবে পুড়ে যায়।
বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। বিনা চিকিৎসায় বাড়িতে ফিরে তিনি এখন যন্ত্রণায় কাতর।
চিকিৎসক জানিয়েছেন—তার ডান পায়ে পচন ধরেছে, এবং দ্রুত উন্নত চিকিৎসা না পেলে পা কেটে ফেলতে হতে পারে।

পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়
নেসারের বাবা বেকার, স্ত্রী দেলোয়ারা বেগম সেলাই কাজ করে কোনো রকমে সংসার চালান।
চিকিৎসক জানিয়েছেন, নেসারের পা ঠিক করতে কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন।
এতো টাকা জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব। লজ্জায় কারও কাছে সাহায্য চাইতেও পারছেন না তারা।
চরম অসহায় অবস্থায় নেসারের বাবা একমাত্র সন্তানের জীবন বাঁচাতে এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাই একমাত্র ভরসা হিসেবে দেখছেন।
স্ত্রীর করুণ আবেদন
নেসারের স্ত্রী দেলোয়ারা বেগম বলেন,
“আমার স্বামীসহ আটজন সাংবাদিক ওইদিন সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন। তাদের ফোন, ক্যামেরা, টাকাপয়সা সব ছিনিয়ে নেওয়া হয়। এখন আমার স্বামীর পা পচে গেছে। চিকিৎসক বলেছেন—চিকিৎসা না করলে পা কেটে ফেলতে হবে। কিন্তু আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।”
মামলার অগ্রগতি
সাংবাদিক নেসার উদ্দিন নিজে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি শাহজাহান (৫০)-কে গ্রেপ্তার করেছে।
হামলাটি ঘটে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
আহত অন্যান্য সাংবাদিকরা
হামলায় আহত সাংবাদিকরা হলেন—
পারভেজ সরকার (দৈনিক দিনকাল), নেছার উদ্দিন (এশিয়ান টিভি), সোহরাব হোসেন (আজকের কুমিল্লা), আনোয়ার হোসেন (ডাক প্রতিদিন), আবু বক্কর ছিদ্দিক (আমার দেশ), জহিরুল ইসলাম মারুফ (কালবেলা), শাহজালাল ও সাইফুল ইসলাম সজীব।
এ ঘটনায় স্থানীয়ভাবে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক নেসারের চিকিৎসা সংকট কুমিল্লাসহ দেশের সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

আজকের কথা ডেস্ক