

দিনাজপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে র্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। যৌথ মোবাইল কোর্টে এক ব্যক্তিকে জরিমানা, বিপুল পরিমাণ পলিথিন জব্দ এবং দুইটি কারখানা সিলগালা করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই তারা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মোবাইল কোর্ট সহায়তা এবং নিষিদ্ধ মালামাল উৎপাদন বন্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে। সম্প্রতি তথ্য পাওয়া যায়, দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীরা অত্যন্ত কৌশলে পরিবেশের জন্য অতি ক্ষতিকর পলিথিন মজুদ ও উৎপাদন করছে। এ কারণে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি আরও জোরদার করে।
এরই অংশ হিসেবে ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত র্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিরামপুর বাজার এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিভিন্ন ধারায় এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা, ৩১৯ কেজি পলিথিন এবং ৯২৩ কেজি পিপি গ্র্যানিউল (কাঁচামাল) জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
এ ছাড়া জেলার হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হওয়ায় মোবাইল কোর্ট আরেকটি কারখানা সিলগালা করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ এবং ছাড়পত্রবিহীন প্লাস্টিক কারখানা পরিচালনা করে আসছিল।
র্যাব-১৩ জানায়, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দিনাজপুরে অভিযানসহ তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।