
কুমিল্লা জেলা পুলিশ এর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আনিসুজ্জামান পিপিএম। তিনি বর্তমানে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
একই প্রজ্ঞাপনে জানানো হয়, কুমিল্লার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি পদ্ধতিতে এই বড় ধরনের এসপি বদলি কার্যক্রম সম্পন্ন হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করা হয়েছে যাতে নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সুষ্ঠু প্রস্তুতি নিশ্চিত হয়।
ঢাকা জেলায় দায়িত্ব পালনকালে মোঃ আনিসুজ্জামান পিপিএম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং শক্তিশালীকরণ, জনবান্ধব পুলিশিং ও মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন। মানবিক কাজের জন্য তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবেও পরিচিতি পেয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশ এর নতুন দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষ ও স্থানীয় মহলে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। আইনশৃঙ্খলা আরও শক্তিশালীকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, সেবা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে তার দক্ষ নেতৃত্ব কুমিল্লায় ইতিবাচক প্রভাব ফেলবে—এমনটাই মনে করছেন অনেকে।