ইনসাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ দায়িত্ব পেলেন
ইনসাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ আজিজুর রহমান আজিজ। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গভঃ রেজিঃ নং বি-১৯৭১-এর গঠনতন্ত্রের ধারা ১৭(খ) অনুযায়ী তাঁকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ২২ সেপ্টেম্বর ২০২৫ মৃত্যুবরণ করায় আজ ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইনসাবের সভাপতি মোঃ রবিউল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইনসাবের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুল, সহ-সভাপতি জালাল আহমেদ, মোঃ হারুনর রশিদ, মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মোঃ শরীফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, মোঃ সিদ্দিক আলী বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।
নির্মাণ শ্রমিকদের জীবনমান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সভায় বলা হয়, দেশের সর্ববৃহৎ অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত হলো নির্মাণ খাত—এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছে। জাতীয় অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম হলেও শ্রমিকরা এখনো সামাজিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
সভায় রেশনিং প্রথা চালুর মাধ্যমে চাল, ডাল, তেল ও আটা ন্যায্য দামে সরবরাহ, বিনামূল্যে চিকিৎসা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণের দাবি
নেতৃবৃন্দ কর্মস্থলে দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের জন্য আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
এছাড়া শ্রমিকদের বাসস্থান, পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নিয়মিত সভা, রেশনিং ব্যবস্থা, সকল নির্মাণাধীন ভবনে হাজিরা খাতা সংরক্ষণ এবং ন্যূনতম মজুরি সম্মানজনকভাবে বৃদ্ধির দাবি তোলা হয়।
ইনসাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষয়ক এই সিদ্ধান্ত নির্মাণ শ্রমিকদের অধিকারের লড়াইকে নতুন গতি দেবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

তনুজা শারমিন, দিনাজপুর