প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন আটক

2bae2b4d5e7fcff1f94a9ce8585c4843 6940c9bcecfc1
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন: কুমিল্লা থেকে মেয়ে খাদিজা ইয়াসমিন আটক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন–এর মেয়ে খাদিজা ইয়াসমিন ওরফে বিথীকে কুমিল্লা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, খাদিজা ইয়াসমিন কুমিল্লায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলখানা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটক করে রাতেই ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বাবার সঙ্গে দেখা করতে খাদিজা ইয়াসমিন কুমিল্লায় আসেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন–কে গত ২৭ মে কুষ্টিয়া থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে। এ সময় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদও আটক হন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট করুন