প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

বহাল থাকল চেম্বার আদালতের আদেশ: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে অংশ নিতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

25390
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

বহাল থাকল চেম্বার আদালতের আদেশ: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে অংশ নিতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ আপাতত বন্ধই থাকছে। ঋণ খেলাপির তালিকা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন, সেটিই বহাল রাখা হয়েছে।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে হাইকোর্টের দেওয়া—ঋণ খেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার আদেশ কার্যত স্থগিতই থাকল, যা নির্বাচনে তার অংশগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার বিভূতি তরফদার আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। পরে সেই আদেশ প্রত্যাহারের জন্য মঞ্জুরুল আহসান মুন্সী আবেদন করেন। বুধবার ওই আবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে শুনানি শেষে চেম্বার আদালত আগের আদেশই বহাল রাখেন।
শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণ খেলাপির তালিকা সংক্রান্ত বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আদেশ দিলেও পরে সেই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

প্রিন্ট করুন