
ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ—মনোনয়ন ফেরতের রিট শুনানি ২১ জানুয়ারি
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য বুধবার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ শুনানির তারিখ নির্ধারণ করেন।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে ১৭ জানুয়ারি এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। আপিলে অভিযোগ ছিল—ঋণখেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে তার মনোনয়নপত্র প্রথমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন।
ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট করেন। এখন বুধবারের শুনানিতেই তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে বলে মনে করা হচ্ছে।

