তারেক রহমানের আগমনে কুমিল্লা উত্তাল, কায়কোবাদের মুরাদনগরে ভোটের হিসাব পাল্টাতে প্রস্তুত বিএনপি
দীর্ঘ দুই যুগ পর কুমিল্লার রাজনৈতিক ময়দানে ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) জেলার তিনটি উপজেলায় টানা জনসমাবেশে বক্তব্য দিয়ে তিনি জানাতে যাচ্ছেন শক্ত রাজনৈতিক বার্তা। এই সফরকে ঘিরে কুমিল্লা রাজনীতি এখন উত্তাল—বিশেষ করে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ঘাঁটিতে তৈরি হয়েছে গণজোয়ারের পরিস্থিতি।
বিএনপির চেয়ারম্যান কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করে রবিবার বিকাল ৫টায় তারেক রহমান চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে ধারাবাহিক দুটি বিশাল জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিএনপির দাবি, এই তিনটি সমাবেশে সরকারবিরোধী আন্দোলনের শক্তি ও জনসমর্থনের বাস্তব চিত্র ফুটে উঠবে।
দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি কুমিল্লা আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। মুরাদনগরসহ কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের নেতৃত্বে তৃণমূল বিএনপি এখন পুরোপুরি মাঠে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থল। দিন-রাত চলছে মঞ্চ নির্মাণ ও সাংগঠনিক প্রস্তুতি। দলীয় নেতারা বলছেন, এটি শুধু নির্বাচনী সমাবেশ নয়—এটি পরিবর্তনের দাবিতে শক্তি পরীক্ষার মঞ্চ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। বিএনপি নেতাদের দাবি, তিনটি সমাবেশ মিলিয়ে কমপক্ষে ২০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে, যা কুমিল্লার রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের বার্তা বহন করবে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন। দুই যুগ পর তার প্রত্যাবর্তন মানেই কুমিল্লার রাজনীতিতে নতুন অধ্যায়। তৃণমূল এখন নেতৃত্বের স্পষ্ট বার্তা চায়।”
এদিকে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কায়কোবাদ বলেন,
“তারেক রহমানের এই সফর প্রমাণ করবে—জনগণ পরিবর্তনের পক্ষে। শুধু মুরাদনগর থেকেই লক্ষাধিক মানুষ সমাবেশে অংশ নেবে। কুমিল্লা এবার স্পষ্টভাবে অবস্থান জানিয়ে দেবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দুই যুগ পর কুমিল্লা সফর এবং কায়কোবাদের ঘাঁটিতে তৈরি হওয়া গণজোয়ার আসন্ন নির্বাচনে কুমিল্লার ভোটের সমীকরণে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী