প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আপিল বিভাগেও ধাক্কা—কায়কোবাদের প্রার্থিতা বহাল, ভাঙল জামায়াতের স্বপ্ন

image 517296 1735133431
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

আপিল বিভাগেও ধাক্কা—কায়কোবাদের প্রার্থিতা বহাল, ভাঙল জামায়াতের স্বপ্ন

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা নিয়ে চলমান সব আইনি জটিলতার চূড়ান্ত অবসান হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে নির্বাচনে অংশ নিতে কায়কোবাদের আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
এর আগে তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন সেই আপিল নামঞ্জুর করে কায়কোবাদের মনোনয়ন বহাল রাখে। পরে একই অভিযোগ সামনে রেখে হাইকোর্টে রিট দায়ের করা হলেও আদালত তা খারিজ করে দেন।
নির্বাচন কমিশনে ব্যর্থ হয়ে হাইকোর্ট, এরপর আপিল বিভাগ—সব পর্যায়েই পরপর প্রত্যাখ্যাত হওয়ায় কুমিল্লা-৩ আসনে জামায়াতের তথাকথিত “বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের” কৌশল পুরোপুরি ভেস্তে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় শুধু একটি আপিল খারিজ নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে আদালতের স্পষ্ট ও কঠোর বার্তা। নির্বাচনী মাঠে অপ্রয়োজনীয় আইনি হয়রানির দরজা কার্যত বন্ধ করে দিয়েছে এ রায়।
সব ষড়যন্ত্র, অপপ্রচার ও আইনি ফাঁদ পেরিয়ে কায়কোবাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বহাল থাকায় মুরাদনগরের নির্বাচনী রাজনীতিতে জামায়াতের অবস্থান আরও কোণঠাসা হয়ে পড়েছে। আদালতের সিদ্ধান্তে স্পষ্ট—এই লড়াইয়ে আইনের ময়দানে জামায়াতের কৌশল আগেই ভেঙে পড়েছে।

প্রিন্ট করুন