ধর্ম মন্ত্রণালয়ে কায়কোবাদ প্রায় নিশ্চিত, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-কে আসন্ন মন্ত্রিসভায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন জোরালো আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে।
কায়কোবাদ দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে প্রথম সংসদে যান। ১৯৯৬ সালে পুনরায় নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ২০০১ ও ২০০৮ সালে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৯ সালে জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী সমতুল্য) এবং ১৯৯০ সালে ধর্ম বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দলীয় প্রধান তারেক রহমান-এর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা চলছে। দলীয় সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত চেয়ারম্যানের ওপর নির্ভর করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এদিকে সম্ভাব্য এই সিদ্ধান্ত ঘিরে মুরাদনগরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী