মুরাদনগরের অসচ্ছল হিন্দুদের জন্য বিশেষ ফান্ড, ভবিষ্যতে আরও সহায়তার পরিকল্পনা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
শুক্রবার নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে মুরাদনগর উপজেলার সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি অসচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ ফান্ড গঠনের নির্দেশ দেন এবং প্রাথমিকভাবে নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।
কায়কোবাদ বলেন, “হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য এই ফান্ড থেকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে আরও আর্থিক সহযোগিতা যোগ করা হবে।”
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর কুমিল্লা জেলা আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, “সাধারণত নেতারা ভোটের আগে খোঁজ রাখেন, পরে আর দেখা হয় না। কিন্তু আমাদের এমপি নির্বাচিত হওয়ার পরই গরিব ও অসহায়দের জন্য ৫ লাখ টাকা নগদ সহায়তা দিয়েছেন। এটি আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ।”
মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, “এ ফান্ডের মাধ্যমে দরিদ্র হিন্দু পরিবারগুলো সহায়তা পাবে। আমরা কাউকে অনুরোধও করিনি; এমপি নিজ উদ্যোগে এ পদক্ষেপ নিয়েছেন।”
স্থানীয় নেতারা জানিয়েছেন, নবনির্বাচিত এমপির এই মানবিক উদ্যোগ মুরাদনগরের মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী