প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রথম লড়াই, প্রথম জয়: কুমিল্লার ৬ নতুন মুখ যাচ্ছে সংসদে

Add a subheading 20260214 231752 0000
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

গেজেট প্রকাশের পর নিশ্চিত হলো ছয় নবাগত প্রার্থীর বিজয়, বদলে গেল কুমিল্লার রাজনৈতিক সমীকরণ

কুমিল্লার ছয়টি সংসদীয় আসনে এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েই বিজয় অর্জন করেছেন ছয়জন প্রার্থী। প্রকাশিত গেজেট ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিজয়ীদের মধ্যে রয়েছেন বিএনপির চারজন, একজন স্বতন্ত্র এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের একজন প্রার্থী। রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হিসেবে তাদের এই সাফল্য স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ৭৭ হাজার ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান পান ৬৩ হাজার ৪৫ ভোট।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতার চিত্র বদলে যায়।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন পান ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৯১ হাজার ৬৯০ ভোট পেয়ে জয় পান। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নির্বাচনের আগে তাকে বহিষ্কার করা হয়েছিল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ পান ৪৮ হাজার ৫০৯ ভোট।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পান ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। দলীয় সমঝোতার কারণে এখানে ভোটের ব্যবধান উল্লেখযোগ্য হয়।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত পান ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট। প্রাথমিকভাবে অন্য এক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শেষ পর্যন্ত তিনি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয় পাওয়া এই ছয়জনের প্রতি ভোটাররা নতুন আস্থা প্রকাশ করেছেন। আগামী পাঁচ বছরে তাদের কার্যক্রম ও পারফরম্যান্সই নির্ধারণ করবে এই আস্থার প্রতিফলন কতটা সফল হয়।

প্রিন্ট করুন