লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালকের প্রাণহানি
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধ বাজার বাইপাস এলাকায় রেললাইনে সেলফি তোলার পর ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা–চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিন (৩২) পাশের বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান। পরে রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটার দিকে লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনেই তিনি কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

রোমানা আক্তার