প্রধানমন্ত্রী তারেকের নতুন ক্ষমতায় মুখ্য সচিব আব্দুস সাত্তার: প্রশাসনে বড় ধাক্কা
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহানা আসিফ আসাদ। এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে তিনি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে তারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নেতৃত্বে সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।
মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এককভাবে ২১২টি আসনে জয় পায়। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নেয়।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী