প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

FB IMG 1771580662729
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের আশ্বাস

আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী । তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর এবং সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল নিজের সংসদীয় এলাকায় তার প্রথম সফর।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যাতে রমজানজুড়ে বাজার স্থিতিশীল থাকে। “আমরা বিশ্বাস করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না। সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে,”—যোগ করেন তিনি।

সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে কায়কোবাদ বলেন, “ধর্মীয় পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা শতভাগ আন্তরিক। কেউ বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

হজ ব্যবস্থাপনা ও ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে হাজিরা অতীতের চেয়ে বেশি সুযোগ-সুবিধা পান। “মানুষ যেন বলতে পারে—আল্লাহর রহমতে আমরা আগের চেয়ে ভালো সেবা পাচ্ছি—সেই লক্ষ্যেই কাজ করছি,” বলেন তিনি।

প্রিন্ট করুন