প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

IMG 20260314 WA0002
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

শ্রীকাইল গ্যাসক্ষেত্র: ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

শ্রীকাইল গ্যাসক্ষেত্র- ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরের এ গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলক উত্তোলনের মাধ্যমে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস।

শনিবার সকালে শ্রীকাইলের মখলিসপুর এলাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে কূপটির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশ ঝুঁকির মধ্যে পড়েছে। বৈশ্বিক সংকট দেখা দিলেই তার প্রভাব দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে পড়ে। তাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল। বর্তমানে বাপেক্সের সক্ষমতা বাড়ানো এবং তাদের আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে এবং সেই চাহিদা পূরণে নিজস্ব গ্যাসক্ষেত্রগুলোকে আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ–৫ উপপ্রকল্পের পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপ খনন কাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে খনন সম্পন্ন হয়। এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।

তিনি বলেন, শনিবার থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে নতুন কূপ চালু হওয়ায় স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে সরবরাহ বৃদ্ধির আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন