অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটকের পরও প্রভাব খাটিয়ে ছিনিয়ে নেওয়া, শেষ পর্যন্ত পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে কারাগারে
কুমিল্লার দেবীদ্বারে সিএনজি চালকের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’র নেতা মেহেদী হাসান তানজিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (বিকাল) কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের সিএনজি চালক আকাশ মিয়া পরিবারসহ অভিযুক্ত তানজিমের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় চালকের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত তানজিম শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় স্থানীয়রা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে ঘরের ভেতরে আটকে রাখেন। তবে পরে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে জোরপূর্বক তানজিমকে সেখান থেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তানজিমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. আক্তার হোসেন