প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

7k5gHmax7I378v8H2wG9x8DKbCxLjsAMzxJ3oRAs
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

“একই পরিবারের বাবা-ছেলে নিহত, বন্ধু সহযাত্রীও প্রাণ হারালেন; কমিউনিটিতে শোকের ছায়া”

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরের তিন প্রবাসীর করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

ঘটনাটি ঘটে সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে। জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং তাদের স্বজন ফাহিম আলিম (২৭) এ দুর্ঘটনায় নিহত হন। নিহতদের মধ্যে হীরামন ও নাজমুল বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছর বয়সী নাতনী ইকরা। বর্তমানে তারা আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা একটি প্রাইভেটকারে করে ঘুরতে বের হন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেন এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত লেনে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, যার মধ্যে তিনজন বাংলাদেশি।

নিহতদের স্বজন রাজিয়া বেগম জানান, বুধবার (নিউইয়র্ক সময়) জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এদিকে, একসঙ্গে তিন প্রবাসীর মৃত্যুতে মুরাদনগরে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার।

প্রিন্ট করুন