প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

১-৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ ঘোষণা চান সাংবাদিকরা, প্রধানমন্ত্রীর কাছে দাবি

IMG 20260413 WA0006
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

১৪ দফা দাবি বাস্তবায়নে দেবীদ্বারে কর্মসূচি, গণমাধ্যমের মর্যাদা ও সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান

সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিকরা এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুরক্ষা থেকে বঞ্চিত।

এ প্রেক্ষাপটে আগামী ১ থেকে ৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত হবে বলে দাবি জানানো হয়।

এছাড়া দেশে বিভিন্ন পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য এখনো তেমন কোনো উদ্যোগ নেই বলেও স্মারকলিপিতে তুলে ধরা হয়। সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা প্রণয়ন এবং পৃথক অধিদপ্তরের অভাবে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় পালন না হওয়ায় দুঃখ প্রকাশ করা হয় এবং দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানানো হয়।

এ অবস্থায় “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতারা। তারা আশা প্রকাশ করেন, সরকারের সদয় বিবেচনায় দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ফিরে পাবে।

প্রিন্ট করুন