প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

দাউদকান্দির মহাসড়কে রক্তঝরা রাত: ট্রাক খাদে পড়ে নিহত ৭, আশঙ্কাজনক ৫

06e8a0d558de4db0ae265c6adb5b8b94 69ddafe02eada
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

দাউদকান্দিতে ভয়াবহ ট্রাজেডি: ধান কাটতে গিয়ে ফিরলেন লাশ হয়ে ৭ জন

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিতে থাকা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন।

সড়ক দূর্ঘটনা

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

আহত পাঁচজন হলেন—আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, হাসপাতালে আনা আহতদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের এমন করুণ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোক বিরাজ করছে।

প্রিন্ট করুন