“ডিও লেটারে চাপ, প্রশাসনে তৎপরতা—দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের দ্বারপ্রান্তে মুরাদনগর-বাঙ্গরা”
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরাবাসীর বহুদিনের প্রত্যাশা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর দৃঢ় অবস্থান ও জোরালো উদ্যোগে মুরাদনগর পৌরসভা এবং বাঙ্গরা উপজেলা ঘোষণার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
গত ১২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো পৃথক দুটি ডিও লেটারে তিনি বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। সেখানে মুরাদনগরের বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা এবং বর্তমান প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে কার্যকর সেবা প্রদান ব্যাহত হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
বিশেষভাবে বাঙ্গরা বাজারকে ঘিরে একটি নতুন উপজেলা গঠনের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে বাঙ্গরা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে উপজেলা ঘোষণা হলে প্রশাসনিক সেবা সহজলভ্য হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে, মুরাদনগরকে পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি দীর্ঘদিনের। নাগরিক সুবিধার ঘাটতি, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এলাকার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয়েছে। পৌরসভা ঘোষণা হলে এসব সমস্যার সমাধান হবে এবং আধুনিক নাগরিক সেবার সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, এই দুটি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে সাধারণ মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার হয়েছে। তারা বিশ্বাস করেন, কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর এই দৃঢ় পদক্ষেপ সফল হলে এটি হবে মুরাদনগর-বাঙ্গরার ইতিহাসে এক মাইলফলক।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এখন সবার চোখ—সরকারি ঘোষণার দিকে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী