“মাত্র দুটি ওয়ার্ডে ৯০-এর বেশি শিশু ভর্তি, করিডোর-বারান্দায় চলছে চিকিৎসা; টিকা না নেওয়ায় দেড় বছরে সংক্রমণ বেড়েছে—চিকিৎসকদের উদ্বেগ”
কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রায়হান নামের শিশুটি মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাম-রুবেলার উপসর্গ—উচ্চ জ্বর, কাশি ও শরীরে প্রচণ্ড র্যাশ নিয়ে গত ১৪ এপ্রিল রাতে ৮ বছর বয়সী রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে।
এ নিয়ে জেলায় হাম-রুবেলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৯০-এর বেশি শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে।
শুধু দুইটি বিশেষায়িত ওয়ার্ডে এতো রোগী সামাল দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চরম চাপের মুখে পড়তে হচ্ছে।
শয্যা সংকটের কারণে রোগীদের শয্যায় জায়গা না পেয়ে মেঝে, বারান্দা এমনকি করিডোরেও রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভ্যাপসা গরমে শিশুদের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠছে, স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
চিকিৎসকরা জানান, গত দেড় বছরে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় এই রোগের সংক্রমণ দ্রুত বাড়ছে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন,
“সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল। প্রতিদিনই নতুন রোগী বাড়ছে। পরিস্থিতি এখন অত্যন্ত চাপের মধ্যে রয়েছে।”
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু আজই নয়—গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও অন্তত ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সব মিলিয়ে কুমিল্লায় হাম-রুবেলার পরিস্থিতি এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী