ইসলামি গানের অনুষ্ঠানে শিল্পীদের ওপর টাকা ছিটানোর দৃশ্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া
কুমিল্লায় গানের আসরে এমপির টাকা ছিটানোর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে আলোচনা
ব্রাহ্মণপাড়ার গানের আসরে সংসদ সদস্য জসিম উদ্দিনের উপস্থিতির একটি দৃশ্য। ছবি : আজকের কথা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি গানের আসরে সংসদ সদস্য জসিম উদ্দিনের টাকা ছিটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার দিনজুড়ে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে শনিবার গভীর রাতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি গানের অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করেন।
ভিডিওতে দেখা যায়, ইসলামি সংগীত পরিবেশনের সময় উপস্থিত ব্যক্তিরা হাততালি দিচ্ছেন এবং সংসদ সদস্য জসিম উদ্দিন শিল্পীদের উদ্দেশ্যে টাকা ছিটাচ্ছেন। এ সময় তিনিও গানের তালে তালে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মালদ্বীপপ্রবাসী রাহাত হোসেনের বাড়িতে শনিবার রাতে একটি ঘরোয়া গানের আসরের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন।
অনুষ্ঠানে গান উপভোগের একপর্যায়ে তিনি শিল্পীদের ওপর টাকা ছিটিয়ে দেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজনৈতিক নেতাও বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তাদের কেউ কেউ মনে করেন, একজন আইনপ্রণেতার এমন আচরণ বিতর্কের জন্ম দিতে পারে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।























