শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লার নাঙ্গলকোটের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সাম্প্রতিক আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা জনগণের প্রতিনিধি ও আইন প্রণেতা হওয়ায় তাদের বক্তব্য ও আচরণে শালীনতা বজায় রাখা জরুরি। সাম্প্রতিক দুইটি ঘটনাকে তারা “নিন্দনীয়” আখ্যা দিয়ে বলেন, এ ধরনের আচরণে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও হতাশ।
তারা উল্লেখ করেন, কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকরিচ্যুতির হুমকি দিয়েছেন এবং তার নির্দেশনা অনুযায়ী না চললে সাংবাদিকতা করতে না পারার কথাও বলেছেন। এ বক্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচনা চলছে।
অন্যদিকে শরীয়তপুরের এমপি মিয়া নুর উদ্দিন আহমেদ অপু সোমবার এক প্রকাশ্য সভায় সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিবৃতিতে দুই সংসদ সদস্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এমন আচরণ অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ ও জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব বাড়তে পারে, যা কারও জন্যই কাম্য নয়।
তারা আরও বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের প্রতি কোনো ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
ট্যাগ: বিএমএসএফ, সাংবাদিক নির্যাতন, এমপির আচরণ, মোবাশ্বের আলম ভূঁইয়া, মিয়া নুর উদ্দিন অপু

আজকের কথা ডেস্ক