ড. ইউনুস সরকারের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী চুক্তির অভিযোগ
কুমিল্লার দেবীদ্বারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো “গোপন চুক্তি” জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টায় দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত বাংলাদেশ কখনো আমেরিকার গোলামী চুক্তি বাস্তবায়নের দেশ হতে পারে না। জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।”
হাইলাইটস
- “সংস্কারের নামে দেশ বিক্রি” — ড. ইউনুসকে ঘিরে সিপিবির তোপ
- আমেরিকার সঙ্গে ‘গোপন চুক্তি’ বাতিলের দাবিতে মানববন্ধন
- দেবীদ্বারে সিপিবির বিক্ষোভ সমাবেশে তীব্র ক্ষোভ প্রকাশ
- জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি
- সংসদে চুক্তি উত্থাপনে বাধা দেওয়ার অভিযোগ
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুসের নেতৃত্বে সংস্কারের নামে দেশে অর্থনৈতিক সংকট, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা এবং টিকার সংকট নিয়েও সমালোচনা করেন তিনি।
পরেশ কর আরও বলেন, বর্তমান সংসদে সরকারের কথিত গোপন চুক্তিগুলো উত্থাপন করা হচ্ছে না এবং এ বিষয়ে আলোচনা বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব “গোলামীমূলক” ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে।
সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন কুমিল্লা জেলা নেতা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড তাজু মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ এবং ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শফিউল আলম রাজিবসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন থাকতে হবে এবং যেকোনো বিদেশ নির্ভর চুক্তির বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

এবিএম আতিকুর রহমান বাশার