প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

IMG 20260513 WA0015
রেহমান শাহিন, পিরোজপুর থেকে

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল এবং ডেইলি অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, “অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা, বিশেষ শিক্ষা ও সহমর্মিতা পেলে তারাও দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।” তিনি আরও বলেন, অটিস্টিক শিশুদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, যা যথাযথ পরিচর্যার মাধ্যমে বিকশিত করা সম্ভব।

সভায় বক্তারা অটিস্টিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত, বিশেষায়িত সেবা কেন্দ্র বৃদ্ধি এবং থেরাপি সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহর সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ এবং গীতা পাঠ করেন অমল চন্দ্র রায়। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

প্রিন্ট করুন