
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনুস মিয়া (৪৩)। শুক্রবার রাতে জেদ্দা–রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরে আলম ও ইউনুস মিয়া রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার সময় তারা জেদ্দা থেকে মালামাল নিয়ে রিয়াদের দিকে ফিরছিলেন। পথে তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও দুইজন আহত হন।
স্থানীয় প্রবাসী ও স্বজনদের বরাতে জানা গেছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সৌদি নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। ঈদুল আজহাকে সামনে রেখে তারা দুজনই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র ভরসা। এখন আমরা কীভাবে চলব বুঝতে পারছি না। মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।”
নিহত ইউনুস মিয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার ছোট ভাই ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ বলেন, তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারকে সহযোগিতা করে আসছিলেন।
কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান জানান, সৌদিতে সড়ক দূর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কুমিল্লার এই দুই প্রবাসীর মৃত্যু পরিবার দুটির জন্য গভীর শোক ও অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করেছে।

