কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের হিজড়া মাহিকে হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তি জহির ইসলাম ওরফে হিজড়া জহিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ মে) রাত সোয়া ১১টার দিকে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গত ১৩ মে সকাল ১০টার দিকে কুমিল্লার বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন এলাকায় তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশির ওরফে মাহিকে (২৯) হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের দাবি, নিহত মাহি ও গ্রেফতার হওয়া জহিরসহ সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। প্রাথমিক তদন্তে তাদের মধ্যে মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার হিজড়া জহির ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফাহিমা বেগম প্রিয়া