

কুমিল্লার দাউদকান্দি থেকে ঘুরতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই খালাতো ভাই। সমুদ্রের ঢেউ ও তীব্র স্রোতে ভেসে যাওয়ার ঘটনায় শনিবার (২৩ মে) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাঁচ বন্ধু একটি প্রাইভেটকারে করে গুলিয়াখালী সৈকতে বেড়াতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে বিকেলে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় স্থানীয়রা তাদের গভীর পানিতে না যেতে সতর্ক করলেও তারা সেই নির্দেশনা উপেক্ষা করে সৈকতের মোহনা সংলগ্ন গভীর ও জোয়ারপ্রবণ এলাকায় চলে যান।
হঠাৎ তীব্র ঢেউ ও স্রোতের টানে পাঁচজনই ছিটকে পড়ে পানিতে ভেসে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে নিখোঁজ থাকা রিফাতের মরদেহ রবিবার (২৪ মে) সকালে উদ্ধার করা হয়।
নিহত রিফাত ও মামুন সম্পর্কে খালাতো ভাই। রিফাতের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে। তিনি নানার বাড়িতেই বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। অপরদিকে মামুনের বাড়ি চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে।
রিফাতের বাবা খায়রুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বন্ধুদের নিয়ে নিজেই গাড়ি চালিয়ে ঘুরতে গিয়েছিল। আমার ছেলে সাঁতারও জানতো না। একমাত্র সন্তানকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।”
এ ঘটনায় দুই পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।