প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মাহমুদা জাহান। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর আওতায় তিনি এ গৌরব অর্জন করেন।
গত ৪ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মাহমুদা জাহান। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এ সাফল্যে ব্রাহ্মণপাড়াজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাহমুদা জাহান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তার নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, “ইউএনও মাহমুদা জাহানের গতিশীল নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনার ফলে উপজেলার প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হয়েছে। তাঁর এই স্বীকৃতি আমাদের সবার জন্য গর্বের।”
এদিকে, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার খবরে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক নেতারা এ অর্জনকে পুরো উপজেলার জন্য সম্মানের বলে মন্তব্য করেছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে মাহমুদা জাহান বলেন, “এ অর্জন শুধু আমার নয়, এটি ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মাহমুদা জাহানের এ স্বীকৃতি উপজেলার শিক্ষা উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী