কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে তিনি দাবি করেন, তার দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করা হোক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত ওই পোস্টারে বাহাউদ্দিন বাহারকে বলতে দেখা যায়, “বিএনপির ভাইদের উদ্দেশে বলতে চাই, যা করেছেন করেছেন। আজ থেকে আমার কোনো নেতাকর্মীর ওপর নির্যাতন করা বন্ধ করে দেন।”
বিএনপির ভাইদের উদ্দেশে বার্তা: ‘নেতাকর্মীদের নির্যাতন বন্ধ করুন’
— আ ক ম বাহাউদ্দিন বাহার
পোস্টারে আরও উল্লেখ করা হয়, “আর আজকের পর যারা করবেন, আমাদের নেতাকর্মীরা মনে মনে নোট করে রাখবেন।”
এ বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
তবে পোস্টারে উল্লিখিত বার্তার বিষয়ে বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বিবৃতি বা বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। একইসঙ্গে বক্তব্যটি কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের সংঘাত, মামলা-মোকদ্দমা ও দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ-প্রতিআরোপের মধ্যেই এমন বার্তা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী