কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় সাবেক এমপি ও মেয়রসহ ৩৫ জনের চার্জশিট
সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা
কুমিল্লায় আইনজীবী হত্যা, আইনজীবী আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম চার্জশিট দাখিল করেন।
ওসি মহিনুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। পরবর্তীতে ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের সহকর্মী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সাবেক এমপি, সাবেক মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণপাড় এলাকায়, আর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ছুফুয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিহত দুই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, মহাসড়কে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত কুমিল্লার মাহমুদা জাহান
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মাহমুদা জাহান। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর আওতায় তিনি এ গৌরব অর্জন করেন।
গত ৪ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মাহমুদা জাহান। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এ সাফল্যে ব্রাহ্মণপাড়াজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাহমুদা জাহান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তার নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, “ইউএনও মাহমুদা জাহানের গতিশীল নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনার ফলে উপজেলার প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হয়েছে। তাঁর এই স্বীকৃতি আমাদের সবার জন্য গর্বের।”
এদিকে, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার খবরে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক নেতারা এ অর্জনকে পুরো উপজেলার জন্য সম্মানের বলে মন্তব্য করেছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে মাহমুদা জাহান বলেন, “এ অর্জন শুধু আমার নয়, এটি ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মাহমুদা জাহানের এ স্বীকৃতি উপজেলার শিক্ষা উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ
মুরাদনগরের গকুলনগরে মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত নারীর লাশ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার গকুলনগর এলাকায় সড়কের ওপর পড়ে থাকা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে মীরপুর হাইওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে গকুলনগর এলাকার গাউছিয়া সুপার মার্কেট সংলগ্ন বদিউল আলম মিয়ার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে মহাসড়কে টহলরত অবস্থায় মীরপুর হাইওয়ে পুলিশ সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, অজ্ঞাত পরিচয়ের একটি দ্রুতগামী যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।












