প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

নিমসারে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর টহল গাড়ি

নিমসারে হাইওয়ে পুলিশের ওপর হামলা
রোমানা আক্তার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের টহল দলের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার নিমসার সবজি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

থ্রি-হুইলার আটক, নিমসারে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করা হলে চালক ও সংশ্লিষ্টদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, পরে ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল হাইওয়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এতে টহল কাজে ব্যবহৃত হাইওয়ে পুলিশের গাড়িটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মহাসড়কে যানবাহনের গতি কমে যায় এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটকের পর সংঘবদ্ধ একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ে অভিযোগ রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে মাঝে মধ্যেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট করুন