প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঘিরে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি পৌর শহরের কালীবাড়ি সড়ক সংলগ্ন বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুটপাত ও সড়কের ওপর রাখা পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন।

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও মো. ইশতেহাকের নেতৃত্বে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের উভয় পাশের ফুটপাত ও সড়কের ওপর রাখা মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের একপর্যায়ে একজন ব্যবসায়ী হাতে ছোট মাইক নিয়ে অন্যান্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এরপর মুহূর্তেই বাজারের বিভিন্ন অংশ থেকে ব্যবসায়ীরা জড়ো হয়ে প্রধান প্রবেশপথে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের হস্তক্ষেপে ধীরে ধীরে উত্তেজনা প্রশমিত হয় এবং বাজারে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিজ নিজ দোকানের সামনে সীমিত পরিসরে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং নিয়মিত পৌরসভাকে খাজনা পরিশোধ করছেন। হঠাৎ করে পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় তারা বিপাকে পড়েছেন।

ব্যবসায়ীদের ভাষ্য, “আমরা নিয়ম মেনে ব্যবসা করি। দোকানের সামনের জায়গা ব্যবহার করে পণ্য প্রদর্শন না করলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ে। জেলা প্রশাসন যদি এসব স্থান খালি করতে বলে, তাহলে বিকল্প ব্যবস্থা কোথায় হবে সেটিও বিবেচনায় নিতে হবে।”

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।

ঘটনার পর বাজার এলাকায় ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন