প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

২৬ ঘণ্টা পর লাকসাম থেকে উদ্ধার কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা সেই জিসান

কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান উদ্ধার
আজকের কথা ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২৩ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল রাফি।

পরিবারের দাবি, অপহরণের পর জিসানকে কুমিল্লার লাকসাম এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। উদ্ধারকালে তার শারীরিক অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা থেকে নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে ফিরছিলেন জিসান প্রধান। পথে তিনি দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিসান তার বাবাকে ফোন করে জানান যে তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে ফিরবেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ দেখা যায়।

নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও সংগঠনের নেতাকর্মীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে তার বড় ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) খলিলুর রহমান জানান, লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পেছনের কারণ এবং জিসান কীভাবে নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

প্রিন্ট করুন