প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ

মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া
আজকের কথা ডেস্ক

মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার দৃঢ় প্রত্যয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১২ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে যাত্রী, পথচারী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে উল্লেখ করে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ সময় মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষতির দিকগুলো তুলে ধরে জনসাধারণকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যুবসমাজের একটি অংশ মাদকের করাল গ্রাসে জড়িয়ে পড়ছে, যা সমাজ ও দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। মাদক একজন মানুষের জীবন ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে।”

তিনি আরও বলেন, “মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

এ সময় সংগঠনের সদস্য সাঈদ আব্দুল্লাহ হিমু, তারিফ হাসান, শামীম আহমদ, আদনান সামী, আসাদুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অংশগ্রহণকারীরা বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। এর বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজভিত্তিক সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কর্মসূচির শেষে ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তারা।

প্রিন্ট করুন