প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে যাত্রা

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
শাহিন ফকির, পিরোজপুর প্রতিনিধি :

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধি করতে পিরোজপুরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতীয় পর্যায়ে ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই পিরোজপুর জেলার যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় পর্যায়ে কক্সবাজার থেকে শুরু হওয়া ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরেও এ কার্যক্রম শুরু হলো।

তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর টেকসই পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক আরও বলেন, “প্রতিটি গাছ একটি সম্পদ। তাই গাছ লাগানোর পাশাপাশি তার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগান, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।”

কর্মসূচির প্রথম দিনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর এবং আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বন বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উদ্যোগ শুধু উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ সড়কের পাশে এবং বিভিন্ন জনসমাগমস্থলে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রিন্ট করুন