
এলাকায় চাঞ্চল্য, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১০ জুন রাতে আশুগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের বাসিন্দা। বর্তমানে তার পরিবার আশুগঞ্জে ভাড়া বাসায় বসবাস করছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে কিশোরীকে স্থানীয় কিছু যুবক ডেকে নিয়ে পাশের একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক আটক রেখে ধর্ষণ করা হয় বলে দাবি পরিবারের।
পরিবার আরও জানায়, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে অসুস্থ হয়ে পড়লে সে মায়ের কাছে পুরো ঘটনা জানায়।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি জানান, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা চলছে এবং রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

